বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) থেকে গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
বিএনপি নেতা মোরশদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বিএনপি নেতা মোরশেদ মিল্টনের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মনোনয়ন পত্র উত্তোলন বিষয়ে বিএনপি নেতা মোরশেদ মিল্টন মুঠোফোনে বলেন, দলীয় হাই কমান্ডের অনুমতিতে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
প্রসঙ্গত, বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মনোনয়ন পান। তার পক্ষে নেতাকর্মীরা তিন দফায় মনোনয়ন উত্তোলন করেছেন। গত ২০১৮ সালে বগুড়া-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বিএনপি নেতা মোরশেদ মিল্টন। তার মনোনয়নপত্র তৎকালীন নির্বাচন কমিশন বাতিল করলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি সমর্থন দেয়।
