বগুড়ায় গভীর রাতে মহাসড়কে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ডাকাতরা নিজেদের ব্যবহৃত ট্রাক ও একটি শটগান ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের চারমাথা এলাকার বারোপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বারোপুর এলাকার একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় বগুড়া সদর থানার একটি নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ জানায়, ডাকাত দলটি সবুজ নার্সারির সামনে পৌঁছালে আবারও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ধাওয়ার একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও উদ্ধারকৃত শটগান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান এবং তদন্ত চলমান রয়েছে।
