ঢাকাWednesday , 24 December 2025
মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলা
  2. জাতীয়
  3. জেলা
  4. বিনোদন
  5. বিশেষ প্রতিবেদন
  6. ব্যবসা-বাণিজ্য
  7. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির শরিকরা পেল আরও ৮ আসন

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
December 24, 2025 10:12 am
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪, বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ ঢাকা-১৩ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর-৫ থেকে, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ থেকে নির্বাচনে লড়বেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন,কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না।

জমিয়তের প্রার্থীরা হলেন: নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব। এসব কথা বলেন তিনি।

৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে এরইমধ্যে দলের প্রার্থীদের নাম দুই দফায় ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হয় গতকাল। শরিকদের আজ দেয়া হলো আরও ৮টি আসন। এখনও বাকি থাকলো ১৬টি আসন।