‘ক্লিন বগুড়া গ্রীন বগুড়া’ এই স্লোগানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ডাস্টবিন স্থাপন করেছেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। বগুড়া শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতার লক্ষ্যে গতকাল শনিবার রাতে এই কর্মসূচি নেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্নতা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় জেলা জজ কোর্ট চত্বর এলাকায় ডাস্টবিন স্থাপনের কাজের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ। কর্মসূচির প্রথম দিনে শহরের বগুড়া সার্কিট হাউজ, জেলা কোর্ট চত্বর, শহরের সাতমাথা, পোস্ট অফিস, বগুড়া প্রেসক্লাব, আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজে ডাস্টবিন স্থাপন করা হয়।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ জানান, ডাস্টবিন স্থাপন প্রথম পর্যায়ে শহর কেন্দ্রিক কার্যক্রম চলছে। ধারাবাহিক ভারে ডাস্টবিন স্থাপন করা গেলে বগুড়া শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতায় আওতায় আনা সম্ভব। বগুড়াবাসি অনেক দিনের স্বপ্ন ক্লীন বগুড়া গ্রীন বগুড়া গড়ে তোলার। এ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর প্রমুখ।
