বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আজ সোমবার তিনটার দিকে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করছেন। মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতূন।
হেলালুজ্জানান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়ন পত্রে খালেদা জিয়া তার আঙ্গুলের ছাপ দিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, এই আসনে বিএনপির আরও একজন মনোনয়নপত্র জমা দিবেন। এ ছাড়া বগুড়ার আরও কয়েকটি আসনে বিএনপির অতিরিক্ত প্রার্থী রাখা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও এ আসনে খালেদা জিয়া বিজয়ী হন।
২০০৮ সালের নির্বাচনে তিনি ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পান। তবে প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার।
২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন। ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। তখন জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য হন। ২০১৮ সালে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হলে শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। ২০২৪ সালে এখানে আওয়ামী লীগের মোস্তফা আলম বিজয়ী হন।
এবারে এই আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করছেন। তবে ডামি হিসেবে মোরশেদ মিলটনকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি আজ দুপুরে গাবতলী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
