ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ৪৫ টি মনোনয়নপত্রের বিপরীতে ৩৯ প্রার্থী নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুই জন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।
গত ১১ ডিসেম্বর তফশিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছিল। আজ ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এদিন সকাল থেকে মনোনয়ন পত্র জমা নেন জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। চলে বিকেল ৫ টা পর্যন্ত।
সোমবার সন্ধ্যার পর রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সোনাতলা-সারয়াকান্দি) আসনে নির্বাচনের জন্য মোট ৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে আসনটিতে জমা দিয়েছেন ৭ জন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন দুজন। এ ছাড়া এই আসনে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৮ জন মনোনয়ন তুললেও দাখিল করেছেন ৭ জন। এই আসনে বিএনপি জোট থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। জোটের প্রার্থী থাকার পরেও আসনটিতে বিএনপি নেতা মীর শাহে আলম মনোনয়ন দাখিল করেন আজ। আসনটিতে রেজাউল করিম তালু নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ৫জন মনোনয়ন তুলেছিলেন। ৫ জনেই দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ৬ জনের মধ্যে মনোনয়ন দাখিল করেছেন ৫ প্রার্থী। বিএনপি, জামায়াত ইসলামী ছাড়াও জাতীয় পার্টি, এলডিপির প্রার্থী মনোনয়ন জমা দেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মনোনয়ন তুলেছিলেন ৭ জন। আজ দাখিল করেছেন ৫ জন। আসনটিতে বিএনপি, জামায়াতের পাশাপাশি সিপিবির প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বগুড়া-৬ (সদর) আসনে উত্তোলনকারীর ৫ জনেই মনোনয়ন দাখিল করেন। এই আসনে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল্লাহ আল ওয়াকী। কিন্তু এনসিপির পরিবর্তে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহাপুর) আসনে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। আসনটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডামি প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের নামে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
নির্বাচনের তফশিল ঘোষণা অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়ার ৭ আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৬০ হাজার ৪৩০, নারী ১৪ লাখ ৮১ হাজার ১৭৬ ও হিজড়া ভোটার ৩৯ জন। নির্বাচন দপ্তরের তথ্যমতে, বগুড়ায় এখন পর্যন্ত মোট ভোট কেন্দ্র ৯৮৩ টি।
