বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গ্রেপ্তারদের নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাতে রাজধানীর লালবাগ থানাধীন ইবনেসিনা হাসপাতাল এলাকা থেকে দেলসাদ আলী হত্যা মামলার আসামি আসাদুল (২২) কে গ্রেপ্তার করা হয়। আসাদুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর গ্রামের জারাল খানের ছেলে। তিনি ওই মামলার ৫ নম্বর আসামি এবং ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ১২ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধ ও মরিচের চারা চুরিকে কেন্দ্র করে মারপিটের একপর্যায়ে সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর এলাকার বাসিন্দা দেলসাদ আলী (৫১) নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
অপরদিকে, গত শনিবার সন্ধ্যায় আশুলিয়া থানার বাতানটেক রিয়াজউদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে গাবতলীর বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার প্রধান আসামি বিশু মিয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১০ ডিসেম্বর রাতে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় ছুরিকাঘাতে বেদে সম্প্রদায়ের শাকিল (২৫) নিহত হন। ঘটনার পর থেকে এজাহার নামীয় প্রধান আসামি বিশু মিয়া আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
